খুব শিগগিরই দশম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
তথ্যমন্ত্রী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ড গেজেট আকারে প্রকাশিত হলেও সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ায় তা কার্যকর করা সম্ভব হয়নি। বর্তমানে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ৬টি রিট বা সিভিল পিটিশন চলমান রয়েছে। এই আইনি জটিলতা নিরসনের পাশাপাশি নতুন করে দশম ওয়েজবোর্ড গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।
সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত মানোন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, “সাংবাদিকদের মর্যাদা রক্ষা, সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন করা হয়েছে। এছাড়া হুমকি, হামলা বা ডিজিটাল হয়রানির শিকার সাংবাদিকদের আইনি ও প্রযুক্তিগত সহায়তা, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সুবিধা, ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ এবং জেলা পর্যায়ে সাংবাদিক সুরক্ষা উদ্যোগসহ সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার কাজ চলছে। অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি পূর্ণাঙ্গ অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে।”