শাহিদা আক্তার – স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ বাবা-মাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে পারভেজ (৩০) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) সকালে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃআসাদুর রহমান এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত পারভেজ উপজেলার ছোট বিনাইরচর গ্রামের মোশাররফ খানের ছেলে। স্থানীয় ভাবে এলাকাবাসীর মুখে ও অভিযোগ সূত্রে জানা যায়, পারভেজ দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ বাবা ও মায়ের উপর নানা অজুহাতে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার উপজেলা প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে।
অভিযোগের সত্যতা পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চলাকালীন পারভেজ তার অপরাধ স্বীকার করলে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।