সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নারীসহ তিনজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগস্ট) রাতে সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি পাগলা বাড়ি ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় প্রভাবশালী মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শফিকুল ইসলাম (৩৫), সোহেল (৩১) ও জানামুল ফেরদৌস পারীসহ তাদের সহযোগীরা প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন। এতে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে মো. সিফাত (২১), মো. রাজু (২৬) ও মোছা. এ্যানি আক্তারকে (৩০) ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনায় সিফাত গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অন্যদিকে আহত রাজু ও এ্যানি আক্তারকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় শফিকুল ইসলাম, সোহেল ও ফারজানা আক্তার পারীসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।