নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি কমাতে নির্মিত নতুন আরসিসি ঢালাই সড়কের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। স্থানীয় ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন-এর তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়।
উদ্বোধন শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, লালপুর পৌষা পুকুরপাড় এলাকার বাসিন্দারা বছরের পর বছর জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধির আন্তরিক উদ্যোগ ও এলাকাবাসীর সহযোগিতায় সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে উঁচু করায় মানুষের চলাচল এখন অনেক সহজ হয়েছে এবং দীর্ঘদিনের কষ্ট অনেকটাই দূর হয়েছে।
তিনি আরও বলেন, মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। এটি ব্যক্তি ও পরিবারের পাশাপাশি পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। মাদক নির্মূলে সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকার সঙ্গে স্থানীয় জনগণকেও সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্থানীয় ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন জানান, বর্ষা মৌসুমে প্রায় ছয় থেকে সাত মাস এ সড়ক কোমরসমান পানিতে ডুবে থাকত। এতে বাজার, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে যাতায়াতে এলাকাবাসীকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হতো। তিনি বলেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সহযোগিতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে সড়কটি উঁচু করে আরসিসি ঢালাই করায় এবার ভারী বর্ষণেও সড়কে পানি জমেনি।
অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুছাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকাবাসী নতুন সড়ক নির্মাণে সন্তোষ প্রকাশ করে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করতে এলাকায় একটি স্থায়ী পানি নিষ্কাশন পাম্প স্থাপনের দাবি জানান।