ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি এবং শহীদদের স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আজ (বুধবার) বিকেল ৩টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও গণ-মিছিল অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক ফটো এক্সিবিশন ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আদর্শ থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সর্বস্তরের জনগণকে সমাবেশ ও গণ-মিছিলে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ফটো এক্সিবিশন ও ডকুমেন্টারি প্রদর্শনের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে।”
তিনি নগরবাসীকে নির্ধারিত সময়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।